নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ‘নীলফামারীর সকল স্তরের জনগণ’-এর ব্যানারে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্ব করা হয়েছে। তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায্যতা ও সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান।
আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করে বলেন, শুধু নীলফামারী সদর নয়, জেলার অন্যান্য উপজেলাতেও এ নিয়োগে পক্ষপাতিত্ব করা হয়েছে। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এই নিয়োগ অবিলম্বে বাতিল করে নতুন করে নিয়োগ দিতে হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নীলফামারীর চারটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন আলিফ সিদ্দিকী প্রান্তর। তিনি অভিযোগ করেন, নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও তাঁরা এ বিষয়ে কোনো কথা বলছেন না। এমনকি নীলফামারী-২ আসনের সংসদ সদস্যকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এতে নিয়োগের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।