মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ক্যারিবীয় স্পিনারদের সামনে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকেরা। একপর্যায়ে বাংলাদেশের লিড ১০০ রান ছোঁয়াও কঠিন মনে হচ্ছিল। তবে জাকের আলি ও নাঈম হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তাঁদের ব্যাটে এরই মধ্যে লিড ১০০ ছাড়িয়েছে। আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৭৯ রান। সব মিলিয়ে লিড ১০৬ রানের।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই শামার জোসেফের লেগ স্টাম্পের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার শূন্য রানে ফেরেন। তখন দলের সংগ্রহও ছিল মাত্র ১ রান।
এরপর নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের জুটিতে বাংলাদেশের লিড ৫০ ছাড়ায়। তবে ইনিংসের ১১তম ওভারে আবারও বিপর্যয়ে পড়ে স্বাগতিকেরা। তিন বলের ব্যবধানে ফিরে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও তাওহিদ হৃদয়।
৩০ বলে ১৩ রান করে চেজের বলে বোল্ড হন সাদমান। অন্যদিকে, এক বল ডিফেন্ড করার পর ক্যারিবীয় বোলারদের চাপে ফেলতে বড় শট খেলতে যান হৃদয়। কিন্তু ঠিকমতো ব্যাটে-বলে করতে না পেরে মিড-অনে জোসেফের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আগের ইনিংসে ৪২ রান করা হৃদয় এবার ফিরেছেন শূন্য রানে।
শান্ত ফেরার পর ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া মুমিনুল হকের বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন জাকের আলি অনিক। দলের সংগ্রহে আর ১ রান যোগ হতেই মিরপুরে বৃষ্টি নামে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয় চা বিরতি। বিরতির আগে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
চা বিরতির পর মাঠে নেমেই উইকেট হারান লিটন কুমার দাস। জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হন তিনি। ১০ বলে ৪ রান করেন এই ব্যাটার।
মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল বাংলাদেশ। জাকের আলির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে সেই চেষ্টা সফল হয়নি। ৯ রান করে ওয়ারিকানের বলে আউট হন মিরাজ।
এর আগে দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের সকালে ক্যারিবীয়দের হয়ে অর্ধশতক তুলে নেন তেজনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি। শরিফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। এর আগে জাস্টিন গ্রিভসের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন তিনি।
গ্রিভসও একবার জীবন পেয়েছিলেন। মুমিনুল হক তাঁর সহজ ক্যাচ ছাড়েন। তবে শেষ পর্যন্ত নাঈম হাসানের অফ স্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ১০৩ বলে ২ চারে ৪৬ রান করেন গ্রিভস।
মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশের বোলারদের মধ্যে বেশির ভাগ ওভার করেন দুই অফ স্পিনার। তাঁদের হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজের বাকি চার উইকেটের পতন ঘটে।
অভিষিক্ত ক্যারিবীয় অলরাউন্ডার জশুয়া বিশপ ক্রিজে নেমেই তিনটি চার মারেন। তবে ১৫ রান করে মিরাজের বলে স্টাম্পিং হন তিনি। এরপর শামার জোসেফকে ৪ রানে উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানান নাঈম। জোমেল ওয়ারিকানকে শূন্য রানে এলবিডব্লিউ করেন তিনি। আর জেইডেন সিলসকে শূন্য রানে মিরাজের ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টানেন নাঈম।
বাংলাদেশের হয়ে দ্রুততম সময়ে ৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করা নাঈম হাসান ৪ উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম পেয়েছেন ২টি করে উইকেট। এ ছাড়া হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।