লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনই শিরোপা জিতবে বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। একই সঙ্গে ফ্রান্সকে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে মানতে নারাজ বার্সেলোনার এই ফরোয়ার্ড।
স্প্যানিশ গণমাধ্যম ‘এল পারতিদাজো দে কোপে’-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ফ্রান্স শক্তিশালী দল হলেও তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতে পারেনি। তাই ওরা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।
গ্রুপ পর্বের পারফরম্যান্স নকআউট পর্বে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি।
ইয়ামালের ভাষায়, গ্রুপ পর্বের হিসাব এখন অর্থহীন। এই ম্যাচে কেউই স্পষ্ট ফেভারিট নয়। অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং তাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে। তবে তারা অন্য সবার চেয়ে এগিয়ে আছে, এমনটা আমি মনে করি না।
বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।
এবারের বিশ্বকাপে স্পেনের শুরুটা হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নকআউটে জায়গা নিশ্চিত করে স্পেন।
শুরুতে পুরোপুরি ফিট না থাকায় প্রথম ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন ইয়ামাল। আগামী ৩ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন।
অন্যদিকে, ফ্রান্স সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। ওই ম্যাচে জোড়া গোল করে দুর্দান্ত ফর্মের ইঙ্গিত দিয়েছেন দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।