ছবি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই বিনষ্টের সুযোগ দেওয়া যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান–সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। সম্প্রীতির পরিবেশ যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে নগরের মেন্দিবাগের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতিচারণা করে আরিফুল হক চৌধুরী বলেন, সিটি নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কখনো ভুলব না। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ সিলেটের সম্প্রীতির অনন্য নজির হয়ে থাকবে। সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবও দেশের ওপর পড়ছে।
নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সেখানে আটটি মন্দির ও চারটি শ্মশানঘাটের সংস্কারকাজ চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জয়ন্তিয়া রাজবাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।
সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহসভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।