সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ শরীরে হামের উপসর্গ ছিল। একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ৯৫ জন এবং সন্দেহজনক হামে ৬৭১ জনের মৃত্যু হলো। অর্থাৎ, এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আরও ৮৬৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে। আর এই সময়ে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা পৌঁছেছে এক লাখ ১৩ হাজার ২৪৪ জনে।
হাসপাতালগুলোর সার্বিক পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।